পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার আউসপাড়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির কারণে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হন। মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসের নিচে চাপা পড়েন। পরে বাসটি তাকে কিছুদূর টেনে-হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুর খবর বাগমারার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাঁর মৃত্যুতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।