দৈনিক বাগমারা
প্রকাশের সময়: ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন প্রিন্টের তারিখ: ২২ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বাগমারার ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে শুনানির নির্দেশ

বাগমারার ইউএনও-এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে শুনানির নির্দেশ

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে শুনানির উদ্যোগ নিয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত ‘আওয়ামী লীগ নেতার সঙ্গে গোপন বৈঠক, বাগমারার এসিল্যান্ড-ইউএনওর পদত্যাগ দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই বিষয়ে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলসংক্রান্ত অভিযোগও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী জেলা পরিষদের ডাকবাংলোয় তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও কাগজপত্রসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

শুনানিতে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে বাগমারার ইউএনও রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে। এ ছাড়া রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক (মানিক), জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, বাগমারা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান এবং বাগমারা উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানু ও সাধারণ সম্পাদক রুপালী আক্তার রুপাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও রাজশাহী জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফুল ইসলাম
ঠিকানা: গোডাউন মোড়, বাগমারা, রাজশাহী- ৬২৫০
ফোন: +8801970667744  |  ইমেইল: dainikbagmara@gmail.com